শিগগির নগরকে ডেঙ্গু মুক্ত করবো: আতিক

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২:৫৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগর পরিচালনার জন্য আপনারা আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। এখন আপনাদের নিরাপদে রাখতে আমি আমার দায়িত্ব পালন করে যাবো। শিগগির নগরকে ডেঙ্গু মুক্ত করবো। তবে এই নগর আমার একার না, সবার। সবাই একসঙ্গে কাজ করলে শহরে কোনো সংকট থাকবে না। নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কারের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে এডিশ মশা নিয়ন্ত্রণ করা হবে।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিক এবং দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে আতিকুল ইসলাম বলেন, অনেকেই মাস্ক পরেন না। তারা বলেন মাস্ক না পরলে তাদের কিছু হবে না। অথচ তাদের দ্বারা পরিবারের অন্যান্য সদস্য করোনা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা পাচ্ছেন না। তাই প্রত্যেকে মাস্ক পরতে হবে।

ইত্তেফাক/এমএএম