বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বঙ্গবন্ধুহীন হবে কখনোই ভাবতে পারিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় স্বপ্নের সোনার বাংলার গঠনের স্বপ্ন দেখতেন। কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ হবে বঙ্গবন্ধুহীন বাংলাদেশ। এটা আমরা কখনোই ভাবতে পারিনি।
সোমবার (৯ আগস্ট) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, আগস্ট মাস যখন আমাদের জীবনে আসে তখনই এক দুর্বিষহকর অন্ধকার নেমে আসে। এই আগস্ট মাসেই আমরা আমাদের নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি, হারিয়েছি তাঁর পরিবারের সদস্যদের। আপনারা জানেন স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে শুধু হত্যাই করেনি, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের এক নিষিদ্ধ নামে প্রতিষ্ঠিত করেছিলো।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর ও বাড্ডা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমএএম
