জীবন-জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে: কাদের

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৫:২৪

বিধি নিষেধ শিথিল করার কারণ জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে। তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে। 

সোমবার (৯ আগস্ট) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পূর্ত কাজ দু'টি বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দেশের সড়ক মহাসড়কে এত উন্নয়ন হচ্ছে, নেওয়া হচ্ছে একাধিক প্রকল্প তবুও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আাসায় সড়ক মন্ত্রী এবিষয়ে সংশ্লিষ্টের নির্দেশ দিয়ে বলেন যেকোনো মূল্যে সড়কে-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। 

গণপরিবহন চলাচলে করোনা পূর্ববর্তীকালে যে ভাড়া ছিলো সে ভাড়ায় চলবে। এসময় তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং  জনস্বার্থে স্টেক হোল্ডার ও মালিক শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। 

মন্ত্রী পরিবহন চলাচলের আগে গাড়ি জীবাণুমুক্ত, পরিষ্কার করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। তিনি এবিষয়ে বিআরটিএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী,বাস্তবায়নাধীন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লা আল মামুন এবং নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তারা।

ইত্তেফাক/এমএএম