দেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরাও। ফলে দেশের এই ক্রান্তিলগ্নে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেকেই। এদের মধ্যে অনেকেই বাংলাদেশের জন্য টিকার ব্যবস্থা করতে বিশ্বনেতাদের অনুরোধ করছেন আবার কেউ কেউ দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করছেন।
ঝিনাইদহে মহামারি করোনায় আক্রান্ত রোগীদের জন্য ২৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন আমেরিকায় অবস্থিত ‘ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইন্ক’ নামের একটি সংগঠন। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মো: মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.হারুন অর রশীদ, প্রবাসীদের পক্ষে সংগঠনের সহ-সভাপতি জাকারিয়া মিঠু, জাহিদুল ইসলাম, আবু জাফর ফিরোজ, সাইফুল রহমান মিঠু, ইদ্রিস আলী, এম.সাইফুল মাবুদ অংশ নেয়।
এছাড়াও সংগঠনটির সভাপতি আব্দুল রহিম ও সাধারণ সম্পাদক হাবিব মোঃ আহসান অনলাইনে নিউইয়র্ক থেকে সংযুক্ত ছিলেন। পরে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সংগঠনের পক্ষ থেকে ২৫ টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। করোনা রোগীদের চিকিৎসা সেবাই পরবর্তীতে তারা আরও সহযোগিতা করবেন বলে জানান।
ইত্তেফাক/এসআই
