তালেবান-আফগান সংঘাতে তিন দিনে ২৭ শিশু নিহত: ইউনিসেফ

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১১:৩৩

আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে ৬টি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান। আরও কয়েকটি দখলের দ্বারপ্রান্তে রয়েছে। দেশটিতে চলমান এই সংঘাতে গত তিন দিনে অন্তত ২৭ শিশু নিহত হয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২৭ শিশু নিহতের ঘটনা সংস্থাটিকে মর্মাহত করেছে। কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে এসব ঘটনা ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৩৬ শিশু।

আফগানিস্তান থেকে মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সৈন্য সরিয়ে নেওয়ার পর থেকেই দেশটিতে সক্রিয় হয়ে উঠেছে তালেবান। গতকাল সোমবার পর্যন্ত ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তারা। আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধবিরতির আহ্বানও প্রত্যাখ্যান করেছে গোষ্ঠিটি।

জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, দেশটিতে গত এক মাসে অন্তত ১ হাজারের বেশি বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

ইত্তেফাক/টিএ