খেলার মাঠ এখন জলাশয়, চাষ হচ্ছে মাছ!

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:১১

নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ বর্তমানে জলাশয়। এখানে আপন মনে চাষ হচ্ছে মাছ ও কচুরিপানার। প্রতি বছর বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে উপজেলার এই প্রধান মাঠটি। দেখলে মনে হয় যেন এটি মাঠ নয় একটি ডোবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলায় উপজেলার সোনালী দিনের স্বাক্ষর বহন করে চলেছে কেন্দ্রীয় এই মাঠটি। এই মাঠে একসময় অনুষ্ঠিত হতো বিভাগীয়সহ জেলা-উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। এছাড়াও ক্রিকেট, হ্যান্ডবলসহ উপজেলা পর্যায়ের সব ধরনের খেলা। দুবছর আগেও মাঠে খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখন আর সেই উপায় নেই। মাঠটি আশেপাশের জায়গার তুলনায় নিচু হওয়াই, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না রাখা ও মাঠ সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানির সঙ্গে আশেপাশের বিভিন্ন ভবনের নোংরা পানি মাঠে প্রবেশ করে। যার ফলে খেলোয়াড়রা অনুশীলন করতে পারেন না। বিশেষ করে পানি নিষ্কাশনের জন্য পাশ দিয়ে যে সরকারি খাল ছিলো তা দখল করে অপরিকল্পিত ভাবে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, ছোট বেলায় এই মাঠে খেলার আমার অনেক স্মৃতি রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে আজ এই ঐতিহ্যবাহী মাঠটি তার ঐতিহ্য হারাতে বসেছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো এই মাঠটির হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আনতে।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, আমি চলতি বছর এই উপজেলায় যোগদানের পরই মাঠটি পরিদর্শন করেছি। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকসহ সকল অপকর্ম থেকে দূরে রাখতে। আমি সেই লক্ষ্যে দ্রুত মাঠটিতে মাটি ভরাট করে খেলার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করবো।

ইত্তেফাক/এমআর