বেইলি সেতু ভেঙ্গে ট্রাক খাদে, নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৮:৫১

শরীয়তপুর-নড়িয়া সড়কের একটি নির্মাণাধীন কালভার্টের বেইলি সেতু ভেঙ্গে ট্রাক খাদে পরেছে। ট্রাকের চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছে। নিহত শ্রমিক নয়ন বেপারী (৩৫) ও আহত মজিবুর রহমান, আবু তাহের ও ছবেদ খান শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে ওই সড়কের সদর উপজেলার কুরাশি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শরীয়তপুর-নড়িয়া সড়কটি গত বছর সংস্কার করা হয়েছে। ওই সড়কের কুরাশি, বালাখানা ও চান্দনি এলাকায় তিনটি কালভার্ট ভেঙ্গে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ।

দুই মাস আগে সড়ক ও জনপথ বিভাগ থেকে কুরাশি এলাকার কালভার্টে একটি বেলি সেতু স্থাপন করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক নড়িয়া যাওয়ার পথে ওই বেলি সেতুতে উঠলে তা ভেঙ্গে পরে। তখন ট্রাকটি খাদে পরে যায়। সেখানে নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন। ট্রাকটি তাদের চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাস্থলেই নয়ন ব্যাপারী নামের এক ব্যক্তি মারা যান।

শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, শরীয়তপুর-নড়িয়া সড়কের কুরাশি এলাকায় একটি কালভার্ট ভেঙ্গে সেতুর নির্মাণ কাজ করা হচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেখানে বেইলি সেতু স্থাপন করা হয়েছে। পাথর বোঝাই ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। অস্থায়ী বেইলিতে ট্রাকটি ধারণ করতে পারেনি, তাই ভেঙ্গে পরেছে। ওই স্থানে বিকল্প ব্যবস্থা করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

শরীয়তপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল মীর বলেন, খাদে পরা ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। আর বেইলি সেতুটি নরবরে ছিল। যার কারণে ভেঙ্গে পরেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
            
ইত্তেফাক/এমএএম