স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ফেনী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ৬ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে গ্রেফতার শেষে তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করে জেলা পুলিশ প্রশাসন। ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ছয় পুলিশ কর্মকর্তা হলেন, ওসি সাইফুল ইসলাম ভুঁইয়া, এসআই মোতাহের, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিৎ রায় এবং এএসআই মাসুদ রানা। এই সময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কিছুদিন আগে ফেনীতে স্বর্ণব্যবসায়ী গোপাল কান্তি দাশের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার ফেনী গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভুইয়াসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে অভিযোগটি দিনভর তদন্ত শেষে ৬ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে ফেনী জেলা পুলিশ।
পুলিশ সুপার বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার পর মঙ্গলবার ডিবির ওসি সাইফুলসহ ওই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (আজ) তাদের আদালতে হাজির করা হবে।
ইত্তেফাক/এসএ
