পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন আফগান অর্থমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:৩৫

আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন খালিদ পায়েন্দা । তালেবান দেশটির গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

অর্থমন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে জানান, তালেবান কর্তৃক কাস্টমস দখলের পর আফগানিস্তানের শুল্ক হ্রাস পেয়েছে। যার কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও দেশ ছেড়েছেন। 

As Taliban advance, Afghanistan's finance minister quits job | Business and  Economy News | Al Jazeera

তবে আফগান অর্থমন্ত্রী ঠিক কোন দেশে গেছেন প্রতিবেদনে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। আফগানিস্তানের সাবেক এই মন্ত্রী গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি। 

দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে। এর মধ্যেই দেশটির প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে তালেবান। বাকি অঞ্চলে চলছে সংঘাত।

আজ বুধবার আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তারা। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ সিটি দখলে নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে পাঁচ দিনে আফগানিস্তানের আটটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

ইত্তেফাক/টিআর