প্রথমবারের মতো নারী গভর্নর পেলো নিউইয়র্ক

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:০৪

যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তার পদত্যাগের পর দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল। অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো গভর্নরের দায়িত্ব পেলেন একজন নারী। তিনি এমন এক সময় দায়িত্ব নিচ্ছেন যখন নিউইয়র্কবাসী করোনা মহামারির সঙ্গে কঠিন লড়াই করে চলেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা  সংস্থা রয়টার্স।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় ক্যাথি হোচুল জানান, গর্ভনর কুমোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত পোষণ করছি। ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে আমি প্রস্তুত। 

Kathy Hochul set to become New York's first woman Governor - The Week

রয়টার্স জানায়, ৬২ বছর বয়সী ক্যাথি হোচুল আগামী ২৪ আগস্ট গভর্নরের দায়িত্ব নেবেন।

সম্প্রতি গভর্নর কুমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ঘটনার সত্যতা উঠে আসে বলে জানায় নিউইয়র্কের স্বাধীন তদন্ত কমিশন। তদন্তকারী দল ৫ মাস ধরে প্রায় ২০০ জনের জবানবন্দি নিয়েছেন। সেখানে কয়েক হাজার নথি, ক্ষুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়। যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছিলেন কুমো। এমনকি পদত্যাগ করতেও চাননি তিনি।

তদন্ত রিপোর্ট সামনে আসার পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও সমালোচনা করেছেন। কুমোর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন। নিউইয়র্কবাসীও বিরোধিতা করার ফলে, কঠোর সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগ করেন কুমো।

ইত্তেফাক/টিআর