আশুলিয়ায় নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:৪০

সাভারের আশুলিয়ায় এক নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকার ফজর আলীর বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালি থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. টুটুল এবং তার স্ত্রী একই জেলার ইসলামি ইউনিভার্সিটি এলাকার বড় রাধানগর গ্রামের বাদল আলির মেয়ে মারিয়া খাতুন। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাফিউল্লাহ জানান, বিকালে স্থানীয়রা থানায় খবর দিলে সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, নিহত মারিয়ার বাবা বাদল আলী গত ২২ জুন মেয়ে নিখোঁজের একটি সাধারণ ডায়রি করেন। ধারনা করা হচ্ছে- টুটুল ও মারিয়া আশুলিয়ায় পালিয়ে এসে বিয়ে করেছিলেন। পরে মারিয়া জানতে পারে- টুটুলের স্ত্রী ও সন্তান রয়েছে। এ নিয়ে উভয়ের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জের ধরে এ  আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তাদের লাশ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

ইত্তেফাক/ইউবি