নৌকায় বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসে নদীর পানিতে ডুবে নবম শ্রেণির স্কুলছাত্র ফাহিম হোসেন (১৪) নিখোঁজ হয়েছেন। তার পিতার নাম মো. সাইদুল ইসলাম, গ্রামের বাড়ি গাজীপুর সদর উপজেলার পালেরপাড়া গ্রামে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বংশাই নদীর হাটুভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার এবং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার জানান, গাজীপুর সদর থেকে একদল স্কুলছাত্র ও তাদের বন্ধুমহল ইঞ্জিন চালিত নৌকায় বংশাই নদী দিয়ে আনন্দ ভ্রমণে মির্জাপুরে আসে।

দুপুর দুইটার দিকে বাড়ি ফেরার পথে হাটুভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদীর পাশে বন্ধুরা মিলে গোসল করতে নামে। গোসল করে সব বন্ধু তীরে উঠলেও ফাহিম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিস এবং টাঙ্গাইল ডুবুরী দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরী দল ফাহিমকে উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মির্জাপুর অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ডুবুরী দলের সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ ফাহিমের সন্ধান মিলেনি।
ইত্তেফাক/এসজেড
