হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১১:২৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে মিনু আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে কলাউজান ইউনিয়নের বাংলাবাজার মিয়াজি পাড়ায় নিজ বসতঘর থেকে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বামী। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যায় স্বামী।

খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করে। মিনু উক্ত এলাকার আবদুল জব্বারের স্ত্রী এবং লামা উপজেলার সরই ইউনিয়নের মেইচ্ছ্যা ঝিরি এলাকার আবুল হাশেমের মেয়ে।

নিহতের মা নুরুন্নিছা বেগম জানান, ছয়বছর আগে জব্বারের সঙ্গে মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে নির্যাতন করে আসছিল। ঘটনারদিন জব্বার ফোনে জানায় তার মেয়ে মিনু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের লাশ রয়েছে। মিনুর মা ও স্বজনরা দ্রুত হাসপাতালে গিয়ে মিনুর মৃতদেহ দেখতে পান। তখন মেয়ের শ্বশুর বাড়ির কাউকে হাসপাতালে দেখা যায়নি। মিনুর মা দাবি করেন, তার মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে।

লোহাগাড়া থানা ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, রাত ৯টার দিকে হাসপাতাল থেকে মিনু আরা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআর