তালেবানকে ঠেকাতে ৩ ধাপের পরিকল্পনা আফগান সরকারের

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:১৯

তালেবানকে পরাজিত করতে তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়ন করছে আফগান সরকার। দেশটিতে লড়াই তীব্র হচ্ছে। কয়েকদিনে নয়টির বেশি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এসব জানিয়েছে এএনআই নিউজ। প্রতিবেদনে বলা হয়, আফগান ইন্টেরিয়র মন্ত্রী জেনারেল আবদুল সাত্তার মিরজাকওয়াল বলেছেন, আমরা তিন ধাপে কাজ করছি। প্রথমটি হলো পরাজয় বন্ধ করা। দ্বিতীয় ধাপে আমরা সরকারি বাহিনীকে জড়ো করে শহরগুলোর বাইরে নিরাপত্তাবলয় তৈরি করব। তৃতীয়ত আক্রমণাত্মক কার্যক্রম শুরু করা।

এদিকে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলের দাবি করেছে তালেবান। শহরটি একসময় তালেবানদের শক্ত ঘাঁটি ছিল এবং কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। শুক্রবার (১৩ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিতে সহায়তা করার জন্য আফগানিস্তানে প্রায় তিন হাজার সৈন্য পাঠাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য বলেছে, তারা আফগানিস্তান ত্যাগরত ব্রিটিশ নাগরিকদের সহায়তা প্রদানের জন্য স্বল্পমেয়াদী ভিত্তিতে প্রায় ৬০০ সৈন্য মোতায়েন করছে।

ইত্তেফাক/এসএ