শ্রদ্ধা আর ভালবাসায় তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৭:৪৬

শ্রদ্ধা আর ভালবাসায় সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে স্মরণ করা হয়েছে। মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় শুক্রবার সকালে দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণের মধ্যে পালন করা হয়  এই গুণীজনদের দশম মৃত্যুবার্ষিকী। 

শুক্রবার বেলা ১১টায় জোকা এলাকায় মানববন্ধনের আয়োজন করে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক ও মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ। এতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন নানা শ্রেণি পেশার মানুষজন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ দীপু, রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম, বারসিক প্রতিনিধি সুবীর সরকার, বারসিকের গবেষক নজরুল ইসলাম প্রমুখ। 

No description available.

এরপর স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয় এবং ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। 

২০১১ সালের ১৩ আগস্ট সকালে কাগুজের ফুল সিনেমার শুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকা ফেরার পথে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন জোকা এলাকায় দুর্ঘটনায় নিহত হন। 


ইত্তেফাক/ইউবি