গোলাগুলিতে মালয়েশিয়া বিমান বাহিনীর চার সদস্য নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২০:৩৪

মালয়েশিয়ার রাজকীয় বিমান বাহিনীর (আরএমএএফ) একটি ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চার সদস্যের প্রাণহানি হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, বিমান বাহিনীর এক সদস্য গুলি চালিয়ে ৩ জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে।

দেশটির সারাওয়াক পুলিশের কমিশনার দাতুক আইদি ইসমাইল জানান, আরএমএএফের একটি শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতরা শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে দায়িত্বরত ছিলেন। কেন এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত অব্যাহত আছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, নিহত বিমানবাহিনীর কর্মীরা সেখানে করোনাভাইরাস কোয়ারেন্টাইন পালন করছিলেন। সেখানে এক সদস্য একটি নিরাপত্তা চৌকি থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার পর গুলি চালায়। ফলে তাদের প্রাণহানি ঘটে।

সহকর্মীদের হত্যার পর ওই বন্দুকধারীও গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে। কেনো তিনি গুলে চালালেন তা এখনো পরিষ্কার নয়। গোলাগুলির সময় সব কর্মকর্তাই দায়িত্বরত ছিলেন।

ইত্তেফাক/টিআর