গাজীপুর মহানগরীর পূবাইলের মিরেরবাজার এলাকায় এলপিজি গ্যাসবাহী ট্যাংকারের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন পথচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হালিমুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি ট্যাংকার মীরের বাজার রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী ট্যাংকারের পিছনের অংশ ভেঙ্গে যায়। দূর্ঘটনার পর থেকে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লড়িটি সরিয়ে নেওয়ার কাজ করছে।
পূবাইল থানার ওসি মোঃ মহিদুল ইসলাম জানান, ঢাকা বাইপাস সড়কে যানজট থাকায় ট্রেনের সিগন্যাল পড়লেও গ্যাস ভর্তি ট্যাংকারটি রেললাইন অতিক্রম করতে পারেনি। এক পর্যায়ে চট্টগ্রামগামী তিতাস কমিউটার ট্রেনটি চলে আসলে ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি থেমে যায়। পরে ট্রেনটি পিছন দিক দিয়ে পূবাইল স্টেশনে চলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে নয়টায় গ্যাস ভর্তি ট্যাংকারটি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল।
এর আগে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুর মহানগরীর ধীরশ্রম এলাকায় বৃহস্পতিবার (১২ আগস্ট) জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে আসা রিলিফ ট্রেনের সাহায্যে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার পর ঐদিন পৌনে ৩টার দিকে ওই রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
ইত্তেফাক/এসজেড
