ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না। তবে যেকোনো ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছি। শোকদিবসের কর্মসূচি ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রতিবারের মতোই যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। যারা অনুষ্ঠানস্থলে আসবেন তাদেরকে পায়ে হেঁটে আসতে হবে।’
শনিবার (১৪ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৫ আগস্টের নিরাপত্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জঙ্গিরা ১৫ আগস্ট অনুষ্ঠানস্থলে না পারলেও আশপাশের দুই কিলোমিটারের মধ্যেও যদি কোনো ঘটনা ঘটাতে পারে তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।’

ছবি: সংগৃহীত
তিনি বলেন, ‘আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়েছে। তারা হিজরতের জন্য বের হয়েছেন বলে মনে করেন।’
ডিএমপি কমিশনার বলেন, ‘সারা পৃথিবী এখন সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও একই মিডিয়ায় তাদের রিক্রুট এবং উদ্বুদ্ধ করছে। সম্প্রতি তালেবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ ঘর ছেড়েছেন। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেফতার হয়েছেন আর কিছু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘জঙ্গিরা থেমে নেই এটা বলা যায়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।’
এর আগে সকালে ডিএমপি কমিশনার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ইত্তেফাক/এএএম
