কাবুলকে অবরুদ্ধ করার চেষ্টায় তালেবান: পেন্টাগন

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬:০৮

প্রতিরোধ ভেঙে পড়ছে আফগানিস্তানের সরকারিবাহিনীর। যা কারণে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান গোষ্ঠী। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র সংগঠনটি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, বিষয়টি উদ্বেগের, যেকোনো দিন তালেবানের যোদ্ধারা কাবুলে ঢুকে যেতে পারে। তবে ভিন্ন মত পোষণ করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। তার দাবি, কাবুল আসন্ন হুমকিতে নেই। তারা কাবুলকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। হামলা নয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

জন কিরবি বলেন, কাবুল হুমকিতে নেই। আপনি যদি তালেবানের কর্মকাণ্ডের দিকে দৃষ্টি ফেরান, তবে দেখতে পাবেন, তারা কাবুলকে অবরুদ্ধ করার চেষ্টা করছে।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তালেবান যোদ্ধারা। শহরের দক্ষিণে ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে তারা। সেখানে লোগার প্রদেশের কেন্দ্র পুল-ই-আলম দখল করেছে তালেবান। শুক্রবার (১৩ আগস্ট) বিবিসিকে এসব জানিয়েছেন প্রাদেশিক আইন পরিষদের দুই সদস্য। এই শহরটির সঙ্গে কাবুলের সরাসরি সড়ক রয়েছে। এখন পুল-ই-আলমে চলছে তীব্র লড়াই।

A Beautiful Click of #Kabul City, #Afghanistan | Landlocked country,  Afghanistan, Kabul

এদিকে তালেবানরা একের পর এক অঞ্চল এবং গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়ায় রাজধানীতে নাগরিকরা বিপজ্জনক পরিস্থিতিতে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুক্রবার কয়েক হাজার সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে।

ওয়াশিংটন এবং লন্ডন বৃহস্পতিবার রাতে রাজধানী কাবুল থেকে দূতাবাস কর্মী এবং অন্যান্য নাগরিকদের দ্রুত সরিয়ে নেয়ার পদক্ষেপ ঘোষণা করেছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমরা কাবুলে আমাদের বেসামরিক লোকদের আরো কমিয়ে আনছি।’কাবুলে মার্কিন দূতাবাস খোলা থাকবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রাইস বলেন, ‘দূতাবাস ত্যাগ নয়, কোন স্থানান্তর নয় এবং পুরোপুরি প্রত্যাহারও হবে না।

ইত্তেফাক/টিআর