পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তাঁর মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন। ৭৫’র খুনিরা আজ পরাজিত। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বঙ্গবন্ধু বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে একটি অবিনাশী চেতনা। এই চেতনা কখনো, কোনোদিনও মুছে ফেলা যাবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর আগে অনেক নেতাই দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু চূড়ান্ত মুক্তির পথ দেখাতে পারেননি। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আশাহত করেননি। তিনি ধীরে ধীরে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে। তার নেতৃত্বেই আমাদের স্বাধীনতা এসেছে।
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিক উদ্দিন আহমেদ, ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, সদস্য অধ্যাপক ড. এম শাহীন খান প্রমুখ বক্তৃতা দেন।
ইত্তেফাক/এমএএম
