চিত্রনায়িকা পরীমণি মাদক মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে বন্দি। তার ন্যায়বিচার এবং মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন সাংস্কৃতিক অঙ্গনসহ সুশিল সমাজের অনেকে। এবার পরীমণির মুক্তির দাবি জানালেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। পরীমণির মুক্তি চেয়ে আজ (১৪ অগাস্ট) সকালে ফেইসবুকে স্ট্যাটাস দেন আসিফ।
স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘তার পরীমণির ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার। এই নিয়ে মিডিয়াসহ দেশের মানুষের গর্বের শেষ ছিল না। মা আগুনে পুড়ে মরেছেন দু’মাস কষ্ট পেয়ে। ব্যবসায়িক কারণে মেয়েটার বাবাও খুন হয়েছেন। সাপলুডুর সাপগুলো পুষে মইগুলো বেয়ে বেয়ে মেয়েটা হয়তো একটা জায়গায় পৌঁছেছে। মফস্বলের একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্যই যোগ্যতা ছিল, রহস্যের তো শেষ নেই।’
আসিফ শোবিজ অঙ্গনের কথা টেনে লিখেন, ‘রঙ্গীন দুনিয়ায় সব মেয়েরা খারাপ, আর পুরুষরা মহান। তারকাদের প্রতি সাধারণ মানুষের দেয়া সম্মানকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য ঘোর একটা গায়েবী অভিশাপ। মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিন্যাল হয়ে গেলো হঠাৎ করেই? সারা দেশের গলিতে গলিতে এরকম মজায় মত্ত থাকি আমরা ভোগী পুরুষরা। দোষ হয় শুধু মেয়েদের, সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু তারাই। এই মেয়েটা এতোটা পথ কাদের শেল্টারে এসেছে এই রহস্য উন্মোচিত হবে না কখনো। মেয়েটা অবশ্যই ভালো অভিনেত্রী, মেয়েটা দেশকে আরো সার্ভিস দিতে পারতো। দেশ নেয়নি, হয়তো সে মুক্তি পেয়ে আন্তর্জাতিক তারকা হয়ে যাবে। নাচতে নেমে ঘোমটা দেয়ার পুরনো কথাটা মনে পরে গেল। আবার লোকাল ভাষায়- ঘোমটার নীচে পোংটা নাচে, এই বাক্যটাও সামনে চলে এলো।’

‘আইনের প্রতি শ্রদ্ধা রেখেই দাবি জানাই পরীমণির মুক্তি চাই। প্রয়োজনে তাকে রিহ্যাব করানো হোক। সে ভয়ঙ্কর অপরাধী নয়, অভিভাবকহীনতার শিকার একটা লক্ষ্যহীন নৌকা মাত্র।’
চিত্রনায়িকা পরীমণির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে লন্ডন থেকে একাত্মতা প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। এছাড়া জাসদ, চলচ্চিত্র, সংস্কৃতি অঙ্গনসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
