জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘১৫ই আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। এই দিনে বিপদগামীদের কারণে বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার স্বপরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্ব দরবারে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। খুনিদের কারণে তার স্বপ্ন বাস্তবায়ন হয়নি।’
তিনি বলেন, ‘আজ এই দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে করে যাচ্ছি। অচিরেই বিশ্ব দরবারে বাংলাদেশ সোনার বাংলা হিসাবে পরিচিতি পাবে।’

রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
তিনি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধা ভবনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সহস্রাধিক লোকের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে যোগ দেন।

ছবি: ইত্তেফাক
এছাড়াও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের বিআরডিবি কর্তৃক প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ৫২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের পক্ষ হতে ৫০ জন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেকে ২ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানে এমপি নিক্সন চৌধুরীর সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মো. ফয়েজ, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাজারী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাকলাইন কাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
ইত্তেফাক/এএএম
