‘তালেবানে যোগ দিলেই সাধারণ ক্ষমা’

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৫:৩৩

আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর পুলিশ ও সেনা সদস্যদের অস্ত্র জমা দিয়ে তাদের নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান।
 
সিএনএনকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সোহেল শাহিন বলেন, যারা অস্ত্র জমা দিয়ে তালেবানে যোগ দেবে তাদের সবাইকে সাধারণ ক্ষমা দেওয়া হবে এবং তাঁদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেওয়া হবে। নতুন যে সরকার গঠন করা হবে সেখানে তালেবানের বাইরে থাকা আফগানদের যুক্ত করা হবে। সুপরিচিত কয়েকজনকে রাখার চেষ্টা চলছে।  

আফগান যুদ্ধ শেষ: তালেবান

প্রাক্তন আফগান সরকারের সদস্যদের নতুন সরকারে যুক্ত করা হবে কিনা এ প্রসঙ্গে সোহেল শাহিন বলেন, কারা থাকবে না থাকবে এ বিষয়ে এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। আমরা যেহেতু ইসলামি সরকারের কথা বলেছি সেহেতু তালেবানের বাইরে থাকা আফগানরা সরকারে যুক্ত থাকবে। 

এদিকে সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন কাবুলের প্রধান বিমানবন্দরে। জোর করে প্রবেশের সময় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে।

ইত্তেফাক/এএইচপি