পদত্যাগ করেও মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন মুহিউদ্দিন

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৬:০৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে পদত্যাগপত্র গ্রহণ করার পর ফের মুহিউদ্দিনকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বহাল করেছেন দেশটির রাজা। সোমবার (১৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি।

গত জুলাই মাসের শেষদিকে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরে আগস্টে এক পার্লামেন্ট অধিবেশনে মুহিউদ্দিন প্রথমবারের মতো স্বীকার করেন তার সংখ্যাগরিষ্ঠতা নেই। একইসঙ্গে আইন প্রণেতাদের তিনি প্রস্তাব দেন আগামী সেপ্টেম্বরে আস্থা ভোটে তাকে সমর্থন দেওয়া হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে তার ওই প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হয়।

ইত্তেফাক/এসএ