জনপ্রতিনিধির আড়ালে মাদক ব্যবসা, ইউপি সদস্যসহ আটক ৫ 

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৭:২১

রংপুরের বদরগঞ্জে মাদক কারবারি ইউপি সদস্য আইতুল ইসলাম ও তার স্ত্রীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট ১৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম হেরোইন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

রবিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের সোনারপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আইতুল ইসলাম (৪৭) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য, আইতুল ইসলামের স্ত্রী, জাবেদ হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪৬), আব্দুল মতিনের ছেলে মওদুদ হোসেন (৩৫) ও সালামত উল্লাহর ছেলে সেলিম মিয়া (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে জনপ্রতিনিধির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছিল আইতুল ইসলাম। সে নিজ বাড়িতে তরুণ-যুবকদের নিয়ে নিয়মিত মাদকের আসর বসাতেন। গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জে থানা পুলিশ মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদকসহ হাতেনাতে মেম্বার আইতুল ইসলাম, তার স্ত্রীসহ অপর তিনজনকে আটক করে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে একজন ইউপি সদস্যসহ ৫ জনকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/এসজেড