ডেলিভারি না পাওয়া  ই-অরেঞ্জের গ্রাহকদের সড়ক অবরোধ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০১:৩৬

রাজধানীর গুলশান-১-এ সোমবার বিকালে সড়ক অবরোধ করেছে ই-অরেঞ্জের গ্রাহকরা। অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ৪০ জন গ্রাহক মোটরসাইকেল নিয়ে গুলশান-২ মোড়ে আসেন। পরে তারা সেখান থেকে গুলশান-১ এর ১৩৭ নম্বর সড়কে চলে যান।

ই-অরেঞ্জের নেহাল নামে এক গ্রাহক বলেন, ই-অরেঞ্জ নামের ই-কমার্স সাইট থেকে বাইক, মোবাইলসহ নানা পণ্য অর্ডার করেছিলাম। সরকারের ই-কমার্স নীতিমালা প্রকাশের আগে ই-অরেঞ্জের ডাবল টাকা ভাউচার কিনেছিলাম। কর্তৃপক্ষ গত ১৬ মে থেকে সব ডেলিভারি বন্ধ রেখেছে। ১৮ জুলাই ই-অরেঞ্জ একটি ডেলিভারি তারিখ প্রকাশ করে এবং পরবর্তীকালে লকডাউনের দোহাই দিয়ে ডেলিভারি বন্ধ করে দেয়। পরে জানায়, লকডাউন শেষ হলে ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু হবে। লকডাউন শেষ হওয়ার আগের দিন ১০ আগস্ট তারা আবার নতুন করে ১৬ আগস্ট ডেলিভারির তারিখ প্রকাশ করে।

May be an image of 9 people, people standing, road and crowd

ভুক্তভোগী একজন গ্রাহক বলেন, সোমবার ই-অরেঞ্জ তাদের অফিসিয়াল পেজে জানায়, পূর্বের বাইক সেলারের সঙ্গে তারা চুক্তি বাতিল করেছে। তারা নতুন সেলার পেতে বা নিজেরা বাইক ইমপোর্ট করতে ৪৫-৬০ কর্মদিবস লাগবে। তাই যারা বাইক নিতে চান, তাদের অপেক্ষা করতে হবে অথবা রিফান্ড রিকোয়েস্ট করতে হবে। বেশ কয়েকজন গ্রাহক রিফান্ড চেয়ে ফোন করায় তারা ২১ কর্মদিবসের কথা বলে। তখন সরকার নির্ধারিত ১০ দিনের কথা বলায় তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তাই গ্রাহকরা সড়কে অবস্থান নেন। পরে আধা ঘণ্টা অবরোধ করায় ই-অরেঞ্জের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। মিরপুরে তার বাড়িতে ভুক্তভোগীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান। এরপর ভুক্তভোগীরা মিরপুরে যান।

ইত্তেফাক/ইউবি