সড়কে ঝরলো ১৭ প্রাণ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৯:২৯

হবিগঞ্জে সিএনজি অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়েছেন। বরগুনায় মাইক্রোবাস উলটে দুই চীনা নাগরিকসহ তিন জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক চাপায় মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

হবিগঞ্জ: ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নছরতপুরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারীসহ ছয় জন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক চুনারুঘাট উপজেলার সাকির মোহাম্মদ ইউনিয়নের ফান্ডাইল গ্রামের আহাদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), স্বপন মিয়া (২৫), একই উপজেলার শ্রীবাউর গ্রামের রাহেলা (৩০), আলমগীর মিয়া (২৮)। তাদের বাড়ি চুনারুঘাট উপজেলায়।

হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাটি আটক করেছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

বরগুনা (উত্তর): আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে ব্রিকফিল্ড-সংলগ্ন রাস্তায় মাইক্রোবাস খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই জন তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিক। এরা হলেন, তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের চায়না সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং। অন্যজন প্রকৌশলী মো. ফখরুল হাসান তাদের দোভাষী হিসেবে কাজ করতেন। চালকও গুরুতর আহত হয়েছেন। রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক মুন্সী তেলের পাম্পের সামনে গতকাল ভোরে গাজীপুরগামী প্রাইভেটকার ও চট্টগ্রামগামী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, প্রাইভেটকার চালক আলমগীর হোসেন (৩০), চাঁদপুরের আজাদ হোসেন (৩৫), রফিকুল ইসলাম (৩১)। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটোকে জব্দ করা হয়েছে।

কামারখন্দ (সিরাজগঞ্জ): কামারখন্দে ট্রাক ও সেনাবাহিনীর পিকআপের সংঘর্ষে মেহেদী ও দীপঙ্কর নামে দুইজন সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, সন্ধ্যায় বঙ্গবন্ধু সেনানিবাসের আর ই ১১ ব্যাটালিয়নের ৭ জন সদস্য নলকা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়।

মনোহরগঞ্জ (কুমিল্লা): মনোহরগঞ্জে ট্রাক চাপায় হাফেজ আবুল কাশেম (৫০) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার নাথেরপেটুয়া-লক্ষণপুর সড়কের পরানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার নাথেরপেটুয়া ইউপির বাকরা গ্রামের মসজিদের ইমাম।

মুন্সীগঞ্জ: সদর উপজেলার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিয়াজ উদ্দিন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার শেহেরকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ শহরের উত্তর ইসলামপুর এলাকার মো. মোতালেব ঢালীর ছেলে।

চট্টগ্রাম অফিস: কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিক আহম্মদ একই থানার খোয়াজনগর এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র।

ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। শনিবারের ঐ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও তিন জন নিহত হন। আহত হয়েছেন ২৫ জন।

ত্রিশাল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামকস্থানে সিমেন্ট ভর্তি একটি ট্রাক বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকার সময় হালুঘাটগামী ‘ইমাম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস পেছন দিকে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। নিহতরা হলেন—ত্রিশালের শহিদুল ইসলাম (৪৫), কামাল উদ্দিন (৫০), হালুয়াঘাটের স্বাধীন (২২), নুরুল হক (৪৫), রিফাত (২৮) এবং ময়মনসিংহের বাসিন্দা আব্দুল হান্নান (৪১)। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

ইত্তেফাক/এমআর