অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে সমস্যায় পড়েছেন। টুইটার থেকে আজীবনের মতো নির্বাসিত হওয়ার পর মতামত প্রকাশে ইনস্টাই এখন অভিনেত্রীর অবলম্বন। এবার সেই অ্যাকাউন্টেও থাবা। বুধবার ইনস্টাগ্রামে চাঞ্চল্যকর মন্তব্য করেন কঙ্গনা। তার দাবি, 'বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার' তিনি। হ্যাক করা হয়েছে তার অ্যাকাউন্ট।
লাগামহীন মন্তব্যে বরবারই শিরোনামে কঙ্গনা। এবার তার ইনস্টা অ্যাকাউন্টে হ্যাকার হানার খবরে নতুন করে চাঞ্চল্য নেটপাড়ায়। অভিনেত্রী তার ইনস্টা স্টোরিতে এদিন অ্যাকাউন্ট হ্যাকের খবর দিয়ে লিখেছেন, 'গত রাতে ইনস্টাগ্রাম থেকে আমার কাছে অ্যালার্ট আসে চিন থেকে কেউ আমার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যেই তা উধাও হয়েও যায়। আজ সকালে উঠে আমি আবিষ্কার করলাম তালিবান সংক্রান্ত আমার সমস্ত পোস্ট অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে। '

এখানেই শেষ নয়, কঙ্গনা জানিয়েছেন, বেশ কিছুক্ষণ তিনি অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারছিলেন না। এমনকী লগআউট করাও সম্ভব হচ্ছিল না। তার বোনের ফোনেও অ্যাকাউন্টটি খোলা থাকায় পোস্ট উধাওয়ের বিষয়টি তার নজরে আসে। পরে ওই সোশ্যাল মিডিয়ার দফতরের ফোন করে অভিযোগ করায় অ্যাকাউন্টটি ফেরত পান তিনি। তবে পাওয়া যায়নি পোস্টগুলি। এরপরই হ্যাকিংয়ের খবর জানিয়ে ইনস্টায় পোস্ট করেন তিনি। একইসঙ্গে এই কাণ্ডের পিছনে বড় আন্তর্জাতিক মানের ষড়যন্ত্রীদের হাত দেখছেন তিনি।
সম্প্রতি আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা টেনে কঙ্গনার বলেন, 'ঠিক এই কারণেই ভারতে প্রয়োজন নাগরিকত্ব সংশোধনী আইনের।' নিজের ইনস্টা অ্যাকাউন্টে আফগানিস্তানের পরিণতিতে হাতিয়ার করে CAA-এর স্বপক্ষে আবারও সওয়াল করেন অভিনেত্রী।
ইত্তেফাক/এফএস
