সুনীল ছেত্রিদের বিপক্ষে বসুন্ধরার লড়াই শনিবার

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০১:৩৮

এএফসি কাপে বসুন্ধরা কিংসের টার্গেট ছিল আগে গ্রুপ পর্বের প্রথম খেলায় জয় পাওয়া। সেই কাজ সেরে নিয়েছে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ২-০ গোলে হারিয়ে। এবার তাদের নতুন পরিকল্পনা। আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচ ভারতের ব্যাঙ্গালুরু এএফসির বিপক্ষে, সুনীল ছেত্রীর দলের বিপক্ষে। খেলা শুরু হবে বিকাল ৫টায় ।

আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাঙ্গালুরু এএফসি এরই মধ্যে তাদের প্রথম খেলায় হেরেছে স্বদেশি এটিকে মোহনবাগানের বিপক্ষে। হার দিয়ে শুরু ব্যাঙ্গালুরু এএফসি জয় পেতে মরিয়া হয়ে উঠবে। বসুন্ধরা কিংসের ওপর চড়াও হবে। বসুন্ধরাও সেটা জানে। তাই প্রথম ম্যাচে নির্ভার হয়নি ঢাকার প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়ন দল। এরই মধ্যে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন মাথা ঘামাতে শুরু করেছেন কীভাবে দ্বিতীয় ম্যাচে উতরে যাওয়া যায়।

Sunil Chhetri believes that India will be a tough team to beat in AFC Asian  Cup

ডি গ্রুপে বসুন্ধরা কিংস, মোহনবাগান, মাজিয়া স্পোর্টস ও ব্যাঙ্গালুরু এএফসি লড়াই করছে। একটি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল ইন্টার জোনাল সেমিফাইনালে খেলবে। কঠিন লড়াই হবে। বসুন্ধরা ও মোহনবাগান এই গ্রুপে ফেভারিট। বসুন্ধরা চাইছে ব্যাঙ্গালুরু এএফসিকে হারিয়ে সুবিধাজনক স্থান। যেন মোহনবাগানের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে পিছিয়ে না থাকতে হয়।

দ্বিতীয় দিনেও ক্যাম্পে খেলোয়াড় ছাড়েনি বসুন্ধরা কিংস

তবে আগামীকালের খেলায় প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এএফসির চেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই দলের সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রী। ভারত জাতীয় ফুটবল দলের অধিনায়ক তিনি। সুনীল এখন ব্যাঙ্গালুরু এএফসির অধিনায়ক। বাংলাদেশের ফুটবলারদের বিপক্ষে সুনীলের খেলার অভিজ্ঞতা অনেক বেশি। বাংলাদেশের জালেও গোল করেছেন। বাংলাদেশের ফুটবলারদের দুর্বলতা কোথায় সেটা সুনীলের ভালো জানা আছে। কখন কীভাবে বাংলাদেশের ফুটবলারদের ঘায়েল করতে হয়, সেটা জানা সুনীলের। বসুন্ধরার জার্সি গায়ে জাতীয় দলের খেলোয়াড়দের সংখ্যাটাই বেশি। বলা যায়, লড়াইটা হবে সুনীলের বিপক্ষে। তাকে ঠেকানোর কৌশলটা আলাদা করে ভাবতে হবে। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সুনীলকে জানেন। তাই ঝুঁকি নিচ্ছেন না।

ইত্তেফাক/জেডএইচডি