সুবর্ণ সুযোগ জকোভিচের সামনে

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১১:০২

রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে টপকে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের অধিকারী হওয়ার সুবর্ণ সুযোগ বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকা নোভাক জকোভিচের সামনে। চলতি বছর তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ীর কাছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের যাত্রাপথ আরও মসৃণ হয়ে গেল। রজার ফেডেরারের পর গতবারের চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ইউএস ওপেন থেকে। এবার সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল।

Miami Open: The Roger Federer-Rafael Nadal rivalry is back where it all  started 13 years ago

রজার ফেডেরার ও রাফায়েল নাদাল

চোটের কারণে উইম্বলডন ও অলিম্পিকে অংশ না নেওয়া রাফায়েল নাদাল আজ জানিয়েছেন, পায়ের চোটের কারণে চলতি বছরেই আর টেনিস কোর্টে নামবেন না তিনি। এ বছরের ফরাসি ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে সেমিফাইনালে পরাস্ত হয়েছিলেন রাফা। তিনি সমর্থকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে চলতি বছর আর টেনিস খেলতে পারছি না। বছরখানেক ধরে পায়ের চোট আমাকে ভোগাচ্ছে। এর কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকেও সরে দাঁড়াতে হয়েছে। গত বছর ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে আমি ঠিকভাবে প্রস্তুতিই নিতে পারিনি। প্রতিযোগিতামূলক টেনিসের সর্বোচ্চ পর্যায়ে যে মানের প্রস্তুতি দরকার হয় তা গত এক বছরে আমার না থাকার কারণই হয়ে দাঁড়ায় পায়ের চোট।

নাদাল আরও বলেন, চোট অবশ্য আমার কেরিয়ারে নতুন কিছু নয়। ২০০৫ সাল থেকেই চোট সমস্যা ছিল। সে সময় চিকিৎসকেরা আমার কেরিয়ারের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট সংশয়ী ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমার কেরিয়ার যেভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি তা স্বপ্নের থেকেও বেশি। পরে আমি আরোগ্য লাভের বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী। আরও কয়েক বছর তিনি টেনিস খেলা চালিয়ে যেতে পারবেন এই ব্যাপারে প্রত্যয়ী নাদাল এখন প্রতিটি দিনকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগোতে চান। বিশ্বের প্রাক্তন এক নম্বর নাদাল বর্তমানে বিশ্বের চতুর্থ টেনিস তারকা। 

এর আগে, হাঁটুতে তৃতীয় অপারেশন জরুরি হয়ে পড়ায় ইউএস ওপেন-সহ চলতি বছর আর কোনও টেনিস টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন ফেডেরার। গতবারের চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমও সরে দাঁড়িয়েছেন কব্জির চোটের কারণে। ফলে আরও একবার খেতাব জয়ের ফেভারিট হিসেবেই শুরু করবেন নোভাক জকোভিচ। ইউএস ওপেন শুরু অগাস্টের ৩০ তারিখ থেকে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

ইত্তেফাক/এফএস