কাউখালিতে পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ধসে পড়ে অন্তত চারজন আহত হয়েছেন। বন্ধ হয়ে গেছে কাউখালি নাইলাছড়ি–সুগারমিল সড়ক যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার (২০আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক কাউখালী বাজার সংলগ্ন বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে তা ভেঙে পড়ে। এতে ট্রাকটি নিচের খালে পড়ে যায়। এ সময় ট্রাক ড্রাইভারসহ চারজন আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ট্রাকের মধ্যে আটকে পড়াদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন, জামাল হোসেন (ড্রাইভার), মো. সোহেল, ইসহাক মিয়া ও বাসু দেব।
আহত ড্রাইভার জামাল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাকে ৬০০ ফিট অর্থাৎ ২৭ মে. টন পাথর ছিল। ট্রাকসহ মোট ওজন ৩৯ মে. টনে গিয়ে দাঁড়ায়। এদিকে ভেঙ্গে পড়া বেইলি ব্রিজটির ধারণ ক্ষমতা ছিল মাত্র ১০ থেকে ১২ মে. টন।
বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখাল–নাইলাছড়ি সুগারমিল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে। যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই বিষয়ে রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আরেফিন সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়ক বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী কাজের উদ্যোগ নেবেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা জানিয়েছেন, কাউখালীতে বেইলি ব্রিজ ধসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এর আগে, ২০০২ সালেও কাঠ বোঝাই ট্রাকসহ এই ব্রিজটি খালে ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। কিন্তু স্থানীয়রা ভালোভাবে মেরামতের দাবি জানালেও সড়ক ও জনপথ বিভাগ থেকে বেইলি ব্রিজটির দায়সারা সংস্কার করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি
