সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা। আগামী ১০ ফেব্রুয়ারি হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ।
শুক্রবার অকল্যান্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ৮৪ ও ৩৪ রান করা দুই ওপেনার সেইফার্ট ও মুনরো এবার বড় স্কোর গড়তে পারেনি। এবার দু’জনই ১২ রান করে ফিরে যান। তাদেরকে অনুসরণ করে দ্রুতই ফেরেন কেন উইলিয়ামসন (২০) ও ড্যারিল মিচেল (১)। শুরুতে পতন হওয়া চার উইকেটের তিনটিই নেন ক্রুনাল পান্ডে।
মাত্র ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড বেশ চাপে পড়ে যায়। এ অবস্থায় শক্ত হাতে হাল ধরেন রস টেলর ও কলিন ডি গ্র্যান্ডহোম। টেইলর কিছুটা ধীরে খেলেন। তবে মারমুখি খেলে গ্র্যান্ডহোম দ্রুতই হাফসেঞ্চুরি তুলে নেন। হাফসেঞ্চুরি পূর্ণ হওয়ার পর ইনিংসকে আর সামনে নিতে পারেননি গ্র্যান্ডহোম। একটি চার ও ৪টি ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন তিনি। পঞ্চম উইকেটে ৪৭ বলে ৭৭ রান যোগ করে টেলর-গ্র্যান্ডহোম জুটি।
এই দু’জনের এমন জুটিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। গ্র্যান্ডহোমের বিদায়ের পর থামতে হয় টেইলরকে। ৩টি চারে ৩৬ বলে ৪২ রান করেন তিনি। ভারতের ক্রুনাল ২৮ রানে ৩ উইকেট নেন।
সিরিজে সমতা আনতে ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়েন। এর মধ্যে অর্ধশত রান করেন অধিনায়ক রোহিত। তার ২৯ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কার মার।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন গুরুত্বের সঙ্গে নিয়েছি: ওবায়দুল কাদের
রোহিতের পর ৩১ বলে ৩০ রান করেন শিখর ধাওয়ান। দলীয় ৮৮ রানে দুই ওপেনার ফিরে গেলেও ঋসভ পান্থ ও বিজয় শঙ্কর খেলেছেন সাবলীলভাবেই। ৮ বলে ১৪ রান করে ফির যান শঙ্কর।
তবে চতুর্থ উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন পান্থ। ২৮ বলে ৪টি চার ও ১টি ছক্কায় পান্থ ৪০ এবং ১৭ বলে ২০ রানে ধোনি অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের ক্রুনাল পান্ডে।
ইত্তেফাক/কেআই
