আফগানিস্তানে তালেবানরা যখন একের পর এক প্রদেশ দখল করছিল সে সময় দেশটির তারকা খেলোয়াড় রশিদ খান এ নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। টুইটারে নিজের সেই আশঙ্কার কথা জানিয়ে বিশ্ব নেতাদের সহায়তাও চেয়েছেন। পরে তালেবান কাবুল দখল করায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি বেশ বিমর্ষ ছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আন্তর্জাতিক এই তারকা যে ইসলামিক গোষ্ঠীটির শাসন পছন্দ করছেন না, তা তার বক্তব্য দেখেই স্পষ্ট। তবে এখন সুর পাল্টিয়েছেন তিনি।
মূলত ক্রিকেট নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে তালেবান নেতাদের বক্তব্য ও প্রতিশ্রুতি শোনার পর রশিদ খানের এই মনোভাব। জানিয়েছেন, তালেবান ক্রিকেট ভালোবাসে। তাই আফগানিস্তানের এটা কোনো অশনিসংকেত নেই।

ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেড খেলতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। তালেবান কর্তৃক আফগান দখলের প্রায় পুরোটা সময়জুরে তিনি সেখানেই আছেন। তবে তার পরিবার আফগানিস্তানেই রয়েছে।
অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ খান বলেন, তালেবান ক্রিকেট পছন্দ করে। তারা সবসময় ক্রিকেটারদের পাশে থাকে। দেশের মানুষরাও খেলাটিকে ভালোবাসেন। তাই ক্রিকেটের ওপর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলেই বিশ্বাস করি।
সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারে তালেবান নেতারা জানিয়েছেন, তারাই আফগানিস্তানের মাটিতে ক্রিকেট এনেছেন। তাই এটা নিয়ে গোষ্ঠীটির কোনো সমস্যা নেই, বরং খেলাটির মান সমুন্নত রাখা হবে।
এরপরই স্বস্তি পেয়েছেন রশিদ খান। তিনি বলেন, আশা করছি তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
ইত্তেফাক/টিএ
