আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে নিয়োগ দেয়া হয়েছে। মুলত শিরোপা অক্ষুন্ন রাখার লক্ষ্যে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করার জন্যই পন্টিংকে নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছরের আইপিএল শেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন পন্টিং। আইপিএলে দিল্লি ক্যাপিটালের কোচের দায়িত্ব পালন করার কথা রয়েছে তার।
অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব পেয়ে পন্টিং বলেন, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফের দায়িত্ব পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। এর আগেও অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পালন করেছি। সেগুলো ছিলো অল্প মেয়াদের। তবে এবার অনেক বড় দায়িত্ব। বিশ্বকাপের মতো আসরে অস্ট্রেলিয়া দলে সঙ্গে কাজ করবো। তাই এই দায়িত্ব একেবারেই ভিন্ন।’
২০১৬ ও ২০১৭ সালে স্বল্প মেয়াদে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করেছেন পন্টিং। পন্টিংকে খুশী দলের নিয়মিত কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তিনি বলেন, ‘শুরুতেই পন্টিংকে অভিনন্দন। দলে তাকে স্বাগত জানাই। দলের জন্য পন্টিংকে কি করতে হবে, তা সে ভালোই জানে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার জন্য দলের মধ্যে সে অমূল্য ভূমিকা রাখবে বলে আশা করি।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচন গুরুত্বের সঙ্গে নিয়েছি: ওবায়দুল কাদের
১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো অস্ট্রেলিয়া। তিন বিশ্বকাপেই দলের সদস্য ছিলেন পন্টিং। ২০০৩ ও ২০০৭ সালের দলকে নেতৃত্বও দেন তিনি। তাই খেলোয়ড়ি জীবন থেকে অর্জন করা অভিজ্ঞতা এবার দলের স্টাফ হিসেবে কাজে লাগাবে পন্টিং, এমনটাই প্রত্যাশা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)।
ইত্তেফাক/কেআই
