পিসিবির চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা!

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:৫১

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে বিশ্ব ক্রিকেটে যে কয়েকজন সবচেয়ে বেশি পরিচিত, তাদের মধ্যে রমিজ রাজা অন্যতম। বাংলাদেশের মানুষও তাকে বেশ ভালোভাবেই চেনেন। মূলত এ দেশের ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তবে্যর জন্য বিভিন্ন সময় তিনি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন। এবার ভিন্ন একটি কারণে নেটিজেনদের মাঝে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আর পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে রমিজ রাজা এখন হট টক।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন রমিজ রাজা। অবশ্য তথ্যটি এখনো নিশ্চিত নয়। কারণ, বোর্ডের কাছে তার নাম এখনো জমা দেওয়া হয়নি। শিগগিরই সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে দুই জনের জমা দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির চিফ প্যাট্রন ইমরান খান। সেই দুই জনের মধ্যে একজন রমিজ রাজা বলেই জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

ক্রিকেট ছাড়ার পর থেকেই মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানকেও একসময় নেতৃত্ব দিয়েছেন। দেশের হয়ে বিশ্বকাপ জয়েরও স্বাদ পেয়েছেন। এবার পিসিবির চেয়ারম্যান হতে পারলে সব চক্রই পূরণ হবে।

বর্তমান পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী এহসান মানির মেয়াদ প্রায় শেষের দিকে। তাছাড়া বয়স ও স্বাস্থ্যগত কারণে তিনি এ দায়িত্বে আর থাকতে চাচ্ছেন না বলেই পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই-একদিনের মধ্যে পিসিবির কাছে দুটি নাম জমা দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার মধ্যে একজনকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন পিসিবির কার্যনির্বাহী কমিটি। তবে রমিজ রাজার সম্ভাবনাই বেশি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/টিএ