দীর্ঘ ২০ বছর অবারও আফগানিস্তানের ক্ষমতায় এসেছে তালেবান। এরপর থেকেই গোষ্ঠীটির ভয়ে দেশটি ছেড়ে অসংখ্য মানুষ চলে যাচ্ছেন। শঙ্কা জেগেছে নারী শিক্ষা, উন্নয়ন ও তাদের অধিকার হারানো নিয়ে। তালেবানের আক্রোঁশ থেকে বাঁচতে কয়েকদিন আগেই আফগান নারী ফুটবলারদের তাদের কিট পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এবার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি নিয়ে সরব হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান থেকে নারী ফুটবলারদের জরুরিভাবে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন দেশের সরকারকে চিঠি পাঠাচ্ছে ফিফা। সংস্থাটি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে অস্থির এবং উদ্বেগজনক বলে বর্ণনা করেছে।

সহায়তার জন্য আহ্বান জানিয়েছে খেলোয়াড়দের সংস্থা ফিফপ্রো। তারা জানিয়েছে, নারী ফুটবলারদের উদ্বাসন পরিকল্পনা নিয়ে তারা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনা করছে। লক্ষ্য, যত বেশি সংখ্যক মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া।
গত সপ্তাহে তালেবান কর্তৃক কাবুল দখল হওয়ার পর থেকেই নিজেদের বেঁচে থাকা নিয়ে শঙ্কার কথা জানাচ্ছেন আফগান নারী ফুটবলাররা। গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন দেশটির নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তিনি বর্তমান খেলোয়াড়দের আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে থাকা নিজেদের অ্যাকাউন্ট ও পাবলিক পরিচয় মুছে ফেলে এবং নিরাপত্তার স্বার্থে খেলাধুলার সামগ্রী পুড়িয়ে ফেলেন।
এক ভিডিও সাক্ষাৎকারে কোপেনহেগেনে বসবাসরত খালিদা পোপাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবানরা অতীতে নারীদের হত্যা, ধর্ষণ এবং তাদের ওপর পাথর ছুঁড়েছিল। এ কারণে ভবিষ্যতে কী হতে পারে তা নিয়ে নারী ফুটবলাররা শঙ্কায় আছেন।
আফগান নারী ফুটবল লিগের সহ-প্রতিষ্ঠাতা জানান, তিনি (খালিদা পোপাল) সর্বদা তার কণ্ঠস্বর তরুণীদের শক্তিশালী, সাহসী ও দৃশ্যমান হতে উৎসাহিত করতে ব্যবহার করেছিলেন। কিন্তু এখন তিনি ভিন্ন বার্তা দিচ্ছেন।
ইত্তেফাক/টিএ
