ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসেই থাকছেন বলে নিশ্চিত করেছেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। রিয়াল মাদ্রিদে যাবার বিষয়টি ছিল নিছকই গুঞ্জন, এমন বার্তাই আলেগ্রিকে দিয়েছেন এই পর্তুগীজ ফরোয়ার্ড। সিরি-এর নতুন মৌসুমকে সামনে রেখে হঠাৎ করেই ট্রান্সফার মার্কেটে জোড় গুঞ্জন ছিল রোনালদো জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন।

যদিও বিষয়টি খুব একটা বেশিদূর যেতে দেননি রোনালদো। তিনি স্পষ্টভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন এমন তথ্য মোটেই সঠিক নয়। এ সম্পর্কে আলেগ্রি বলেছেন, ‘আমি সকলের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চাই। রোনালদো নিজে আমাকে বলেছে সে জুভেন্টাসেই থাকছেন। অনুশীলনে সে সব সময়ই বেশ কঠোর পরিশ্রম করে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি গণমাধ্যমে এ সম্পর্কিত গুঞ্জন পড়েছি, কিন্তু সে নিজে কখনই জুভেন্টাস ছাড়ার আগ্রহ দেখায়নি।’
বৃহস্পতিবার ক্লাবের ইয়ুথ দলের বিপক্ষে শেষ অনুশীলন ম্যাচে গত মৌসুমে সিরি-এ লিগে সর্বোচ্চ ২৯ গোল করা এই পর্তুগীজ ফরোয়ার্ড জুভেন্টাস দলে ছিলেন না। কিন্তু আলেগ্রি জানিয়েছেন তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এ বছরই জুভেন্টাসের সাথে চার বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
ইত্তেফাক/এমআর
