জাল নোট উদ্ধার মামলা

পাপিয়া দম্পতিসহ চার জনের বিচার শুরু

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৮:৫৬

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার বিচার শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ১৩ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন সাব্বির খন্দকার ও শেখ তায়িবা নূর।

পাপিয়া দম্পতির ২০ বছরের কারাদণ্ড

এদিন অভিযোগ গঠন শুনানির আগে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে তাদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চায়, তারা দোষী না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত অব্যাহতির আবেদন নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়।

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত

গত বছরের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজমুল হক চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জাল টাকা বাজারজাত করার উদ্দেশ্যে বহন ও বিপুল পরিমাণ অপরাধলব্ধ অর্থ দেশের বাইরে পাচারের উদ্যোগ নেন।

ইত্তেফাক/কেকে