গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে বিএনপি: ওবায়দুল কাদের 

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৪:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দলীয় প্রধানের মুক্তির জন্য একটি মিছিল পর্যন্ত করতে পারে না, তারা নাকি আবার গণঅভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে!

বিএনপি নেতাদের গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, জনগণতো দূরে থাক, তাদের দলের কর্মীরাও এখন মাঠে নামে না। কারণ, বিএনপির নেতৃত্বের প্রতি কর্মীদের কোনো আস্থা নেই। 

May be an image of 1 person, standing, suit and outdoors

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সোমবার (২৩ আগস্ট) সকালে মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত ‌‘জাতির পিতার হত্যাকান্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র’ শীর্ষক জাতীয় শোক দিবসের ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন। 

সরকার নাকি জনবিচ্ছিন্ন, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপিই জনবিচ্ছিন্ন এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত।

বিএনপি এই বাস্তবতা বুঝারও সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনার সঙ্গে আওয়ামী লীগ নিবিড়ভাবে সম্পৃক্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পক্ষান্তরে বিএনপি ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতি ও লুটপাটে বিশ্বাসী। 

May be an image of 1 person, standing, suit, outdoors and tree

বিএনপিরই পায়ের তলায় মাটি নেই তাইতো তারা কোথাও দাঁড়াতেই পারছে না বলে দাবি করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা, ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতির ধারা। 

তিনি বলেন, জাতীয় জীবন ও রাষ্ট্রীয় পরিসর থেকে নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ। 

স্বাধীনতার ঘোষণার পাঠককে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা চালানো হয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

ইত্তেফাক/কেকে