রাজধানীর ৬ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৬:১৮

হঠাৎ করেই রোগীর চাপ বেড়ে যাওয়ায় রাজধানীর ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। আজ সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালগুলো হলো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর; রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা; আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা; লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা; কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা। 

২৪ ঘণ্টায় আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি | The Daily Star Bangla

চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৮৩ জন। যা আগের সাত মাসের মোট রোগীর দ্বিগুণেরও বেশি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯১ জন। তার মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৯ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। ঢাকা শিশু হাসপাতালে শুক্রবার ৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাই মাসে ১২ জন আর চলতি মাসে মৃত্যু হয়েছে ২৪ জনের।

ঢাকার দুই সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডের ১৯টি এলাকার ব্রুটো ইনডেক্স ৪০ এর বেশি পাওয়া গেছে। দুই সিটি করপোরেশনের ৫৬টি এলাকায় ব্রুটো ইনডেক্স ছিল ২০ বা তার বেশি। জরিপের তথ্যে দেখা গেছে, ব্রুটো ইনডেক্স ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ৬৬ দশমিক ৭, ৩৯ নম্বর ওয়ার্ডের আরকে মিশন রোড ও টিকাটুলিতে ৫০, ৩ নম্বর ওয়ার্ডের বনশ্রীতে ৪০ এবং ১৯ নম্বর ওয়ার্ডের মিন্টো রোড ও বেইলি রোডে ৪০।

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত - Somoy News

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ৫৬ দশমিক ৭ পাওয়া গেছে। এই ওয়ার্ডে রয়েছে মগবাজার, নিউ ইস্কাটন এলাকা। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা ও নিকুঞ্জ নিয়ে গড়া ১৭ নম্বর ওয়ার্ডের ব্রুটো ইনডেক্স ৪৮ দশমিক ৪, ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ও দারুস সালাম এলাকায় ৪৬ দশমিক ৭, ১৪ নম্বর ওয়ার্ডের মিরপুর-১০ ও কাজীপাড়ায় ৪৩ দশমিক ৩ এবং মহাখালী ও নিকেতন এলাকা নিয়ে ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ডে ৪০। উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর ও মেরুল বাড্ডা এবং দক্ষিণ সিটি করপোরেশনের বংশালের ব্রুটো ইনডেক্স শূন্য পাওয়া গেছে জরিপে, অর্থাৎ এসব এলাকায় মশার উপস্থিতি পাওয়া যায়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন আট হাজার ৭৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয় হাজার ৭৮৭ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

ইত্তেফাক/জেডএইচডি