কোচের ‘পিঠে ছুরি’ মারছেন অজি ক্রিকেটাররা

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:১৫

অস্ট্রেলিয়া দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গারের বনিবনা হচ্ছে না, যা এখন দিবালোকের মতো স্পষ্ট। এ নিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছে খোদ ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার বিষয়টি নিয়ে কথা বললেন অজি ব্যাটসম্যান উসমান খাজা। এ ইস্যুতে তিনি কোচের পাশেই দাঁড়াচ্ছেন। বলেছেন, ল্যাঙ্গারের হয়তো মনে হতে পারে ক্রিকেটাররা তার পিঠে ছুরি মারছেন।

গত কয়েকবছর ধরে ল্যাঙ্গার অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পালন করলেও সম্প্রতি তার কৌশল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দুর্দান্ত কাজ করেছেন ল্যাঙ্গার।

No description available.

শুরুটা গ্যাবায় ভারতের বিপক্ষে টেস্ট হারার পরে। তখন ল্যাঙ্গারের সঙ্গে ক্রিকেটারদের বিতর্কের সংবাদ জনসম্মুখে প্রকাশ পায়। এবার ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে টানা সিরিজ হার। যা সেই বিতর্ক চরমে পৌঁছিয়েছে। এমন পরিস্থিতিতে অধিনায়ক ফিঞ্চ ও টিম পেইন এবং সহ-অধিনায়ক প্যাট কামিন্সকে জরুরি বৈঠক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে এখন ল্যাঙ্গারের পক্ষে কথা বললেও বছর দুয়েক আগে তার কারণেই ফর্মে থাকার পরও দল থেকে বাদ পড়েছিলেন খাজা। সে সময় তিনি এ নিয়ে অসন্তোষও প্রকাশ করেন।

রবিবার সংবাদমাধ্যমকে উসমান খাজা বলেন, জাস্টিন ল্যাঙ্গারের এখন হয়তো মনে হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তার পিঠে ছুরি মারছেন। এটা হতাশাজনক এবং খুবই বাজে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করে ফেলা উচিত।

সবসময় কোচের দোষ থাকে না দাবি করে তিনি বলেন, খেলোয়াড়রা পারফর্ম করতে পারছে না, তাদেরও দায় নিতে হবে। তাদেরকে পারফর্মও করতে হবে। ক্রিকেট একটি দলগত খেলা। সবাইকে এগিয়ে আসতে হবে।

ইত্তেফাক/টিএ