হাসপাতালে ভর্তি অভিষেক

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:২৮

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিষেক বচ্চন। ২২ অগস্ট রবিবার বলিউড অভিনেতাকে দেখতে হাসপাতালে যান বাবা অমিতাভ বচ্চন এবং বোন শ্বেতা বচ্চন নন্দা। অমিতাভ ও শ্বেতা অভিষেককে হাসপাতালে গেলেও দেখা মিলেনি ঐশ্বর্যা রাই বচ্চনের। কারণ, এইমুহূর্তে অভিনেত্রী রয়েছেন মধ্যপ্রদেশে। সেখানেই দক্ষিণী ছবির শুটিংয়ে ব্যস্ত অভিষেক-পত্নী। তার সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যাও।

ঠিক কোন কারণে জুনিয়র বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই বিষয়ে বচ্চন পরিবারের তরফে কোনওরকম মুখ খোলা হয়নি। জানা গেছে, দিন কয়েক আগেই শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। আর সেই কারণেই সম্ভবত হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে।

তামিল ছবি ‘ওথাথা সেরুপ্পু সাইজ সেভেন’-এর বলিউড রিমেক নিয়ে অভিষেক বর্তমানে ব্যস্ত ছিলেন। সেই সিনেমার এক অ্যাকশন সিকোয়েন্সের শুট করতে গিয়েই ডান হাতে গুরুতর চোট পান জুনিয়র বচ্চন।

অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি যতদিন না চোট সারে ততদিনের জন্য স্লিং ঝুলিয়ে রাখতেও বলেছেন। দিন কয়েক আগেই কাঁধ থেকে স্লিং ঝোলা অবস্থায় অভিষেকের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেই চোটের কারণেই হাসপাতালে ভর্তি হয়েছে কিনা অভিনেতাকে, তা এখনও জানা যায়নি। তবে এই খবর সত্যি যে, জুনিয়র বচ্চন হাসপাতালে ভর্তি।

প্রসঙ্গত, বছর খানেক আগেও হাতে চোট পেয়েছিলেন অভিষেক। ‘ধুম থ্রি’র সময়ে বাঁ হাতের এক আঙুলে চির ধরেছিল তার। এমনকী সেই সিনেমার প্রমোশনে অভিষেক যখন আমির খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন, দেখা গিয়েছিল তার হাতে স্লিং ঝোলানো।

ইত্তেফাক/বিএএফ