আফগান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০০:১৬

আফগানিস্তান ইস্যুতে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য জানান। 

টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

পাঞ্জশিরের দখল নিতে যোদ্ধারা যাচ্ছে, দাবি তালেবানের

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তান থেকে দেশটির সংখ্যালঘুদের ভারতে ফেরাতে নাগরিকত্ব আইনের যৌক্তিকতা সর্বদলীয় বৈঠকে তুলে ধরতে পারে মোদি সরকার। তালেবান ক্ষমতা দখলের পর এরইমধ্যে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনতে শুরু করেছে দিল্লি। গত ১৭ আগস্ট মন্ত্রিসভায় নিরাপত্তা বিষয়ক কমিটির সভায় ভারতীয় নাগরিকদের নিরাপদে ফেরানোর ওপর জোর দেওয়া হয়। এখনো ৪০০ ভারতীয় নাগরিক আফগানিস্তানে আটকা পড়ে আছেন বলে খবরে বলা হয়েছে।

 
ইত্তেফাক/ইউবি