বিকেএসপিতে চলছে নারী দলের ক্যাম্প

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৫:০৩

গত এপ্রিলে বাংলাদেশ গেমস, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর থেকে ক্রিকেটের বাইরে নারী ক্রিকেটাররা। তিন মাস পর ক্রিকেটে ফেরার সুযোগ পেল নারী ক্রিকেট দল। গতকাল বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, বর্তমানে বিকেএসপিতে তিন সপ্তাহের আবাসিক ক্যাম্পে আছেন ২৬ ক্রিকেটার।

বিসিবির সিনিয়র কোচ ওয়াহিদুল হক গনির তত্ত্বাবধানে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। দলের সঙ্গে আছেন নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। পরে আরো ৩৪ জন ক্রিকেটার যোগ দিবেন ক্যাম্পে। ৬০ ক্রিকেটারকে ভাগ করা হবে চারটি দলে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতেই চার দলের টুর্নামেন্ট হবে। ওয়ানডে ফরম্যাটে খেলবেন নারী ক্রিকেটাররা। যার মাধ্যমেই বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টের জন্য প্রস্তুত হবেন রুমানা-জাহানারা আলমরা।

আগামী নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ১০ দলের বাছাই পর্ব। টুর্নামেন্টের সেরা তিনে থাকতে পারলে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশ নারী দলের। সেরা পাঁচে থাকলেও অর্জন কম নয়। ঠাঁই হবে আইসিসির মেয়েদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপে। যেখানে প্রবেশের মাধ্যমে সারা বছর দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ তৈরি হবে। বাছাই পর্বে বাংলাদেশ ছাড়াও খেলবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক জিম্বাবুয়ে।

 

ইত্তেফাক/ইউবি