পিরোজপুর জেলার কাউখালীর দক্ষিণি শিয়ালকাঠী গ্রাম থেকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পিরোজপুরের গোয়েন্দা পুলিশের এস. আই(উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামে নরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে (৪৩) আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ঝালকাঠীসহ বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।
বরগুনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারারক্ষী মো. জাহিদুল ইসলামের নামে বরিশালে দুটি এবং ঝালকাঠিতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ মামলার কারণে গত পাঁচ বছর ধরে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন। বরখাস্ত থাকাকালে তিনি বরগুনা জেলা কারাগারের সঙ্গে সংযুক্ত রয়েছেন। গত শনিবার (২২ আগস্ট) ঝালকাঠির আদালতে বিচারাধীন মামলায় হাজির হওয়ার জন্য তিনি বরগুনা থেকে ছুটি নিয়ে ঝালকাঠি যান।
এ ব্যাপারে কাউখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
