উল্লাপাড়ায় কাভার্ডভ্যানের চাপায় ৩ জন নিহত

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১২:১৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচিলিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-পাঁচলিয়া গ্রামের ভ্যানযাত্রী মৃত ফুল চানের ছেলে হায়দার আলী (৭০), একই গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৫৫) ও মোতাহার আলীর ছেলে ভ্যানচালক খোদাবক্স ওরফে ইসলাম (৩২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাঁচিলিয়া বাজারে অটোভ্যানকে চাপা দিলে চালক ও এর যাত্রীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এরপর কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। 

ওসি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএএম