তাহলে কি সব জল্পনা-কল্পনার অবসান হচ্ছে? পিএসজি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে এবার নতুন ঠিকানা রিয়ালে মাদ্রিদে যাচ্ছেন? এমন সব নানা প্রশ্নের উত্তর পেতে ভক্তদের অপেক্ষা করতে হবে ৩১ আগস্ট পর্যন্ত।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে কিলিয়ান এমবাপেকে দলে টানতে এরই মধ্যে বড় অংকের টাকা নিয়ে পিএসজির টেবিলে হাজির রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমেই ক্লাবে টানতে চায় এমবাপেকে।
স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ নিশ্চিত করেছে, বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে দলে আনতে পিএসজির টেবিলে ১৬০ মিলিয়ন ইউরোর (প্রায় ১৬০০ কোটি টাকা) প্রস্তাব রেখেছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

রিয়াল সেই আশায় কিছুটা হলেও স্বপ্ন দেখতে পারেই। প্যারিসে নতুন চুক্তিতে সই করেননি ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। যার অর্থ, পিএসজিতে তার থাকার ইচ্ছে সম্ভবত নেই। আজ নাহয় কাল, ফরাসি ক্লাবটি ছাড়তে চাইছেন তিনি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যক্তিগত বিষয়াদিতে সম্মতিও দিয়ে দিয়েছেন এমবাপে। তবে খেলোয়াড়ের দলবদল নিশ্চিতে যে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষেরই সম্মতি লাগে, সেখানেই পিএসজি বেঁকে বসেছে।
১৬০০ কোটি টাকার প্রস্তাবে এখনই হ্যাঁ বলে দেয়নি পিএসজি। তবে স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্ত জানাচ্ছে, চুক্তির অঙ্কটা ২০০০ কোটি টাকায় বাড়িয়ে নিতেও কোনো সমস্যাই নেই রিয়ালের।
এদিকে ফরাসি গণমাধ্যম ‘লা পারিসিয়ান’ জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের আলোচনা অনেকদূর এগিয়েছে। তবে এমবাপে চাইলেই তো হবে না! যেহেতু ফ্রি এজেন্ট নন, দলবদলে পিএসজিরও সম্মতি লাগবে।
ইত্তেফাক/এসআই
