‘সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা একনিষ্ঠভাবে কাজ করছেন’

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:২৭

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা একনিষ্ঠভাবে কাজ করছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। 

বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন। 

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেই অপচেষ্টাকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে, এটা ইতিহাসের বিচার।   

তথ্যমন্ত্রী এ সময় দেশের অগ্রগতি প্রসঙ্গে বলেন, স্রষ্টার কৃপায় বাংলাদেশের মানুষ এখন ভারতের মানুষের চেয়ে মাথাপিছু আয়ের দিক দিয়ে উপরে। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার। আর পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৫৪৩ ডলার, ভারতের ২৬৪ ডলার। আর এ উন্নয়নের পেছনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের অবদান অনস্বীকার্য। 

 

ইত্তেফাক/ইউবি