সিরাজগঞ্জে ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার মামলা

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২০:৪৯

সিরাজগঞ্জে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছেন এক গ্রাহক। মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের নাম উল্লেখ করা হয়। 

বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা মো. রাজ বাদী হয়ে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, মো. রাজ ইভ্যালির সাইক্লোন অফার থেকে চলতি বছরের ৪ মে একটি টেলিভিশন, পেনড্রাইভ, আয়রন মেশিনসহ পাঁচটি পণ্য অর্ডার করেন। যার মূল্য ৫০ হাজার ৭৩৭ টাকা। ইভ্যালির নীতিমালা অনুযায়ী অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া কথা। সে অনুযায়ী পণ্য ডেলিভারি দেওয়া হয়নি। নির্দিষ্ট সময়ে পণ্য হাতে না পেয়ে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগ জানান, মোকাম কামারখন্দ থানা আমলি আদালতের বিচারক মোছা. জেসমিন আরা বাদীর জবানবন্দী গ্রহণ ও কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জের ওপর দায়িত্ব দিয়েছেন।

ইত্তেফাক/আরকে