অতি আপনজন হতে চাওয়ার কোনো প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২১:১৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায় সকল ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।  এজন্য সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে। রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন, আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। অতি আপনজন হতে চাওয়ার কোনো প্রয়োজন নেই।

বুধবার সচিবালয় চত্বরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আইনপ্রণেতারা আইন প্রণয়ন করবেন। পলিসি নির্ধারণ করবেন রাজনীতিকরা, সেটা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। এখানে সংঘাতের কোনো অবস্থা মোটেই কাম্য নয়। প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের মধ্যে বিরোধ প্রত্যাশিত নয়। যার যার অবস্থানে তার তার দায়িত্ব পালন করতে হবে। চামচাগিরি কিংবা তোয়াজ-তোষণ করার কোনো প্রয়োজন নেই।  

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ করি, আপনারা যদি আমার চেয়েও বড় আওয়ামী লীগার হন, তাহলে দুঃখ লাগে। এখন অনেকেই নব্য আওয়ামী লীগার আমাদের চেয়েও যেন বড় আওয়ামী লীগার। কথায় কথায় বঙ্গবন্ধু, শেখ হাসিনার প্রশংসা করেন। অনেককেই দেখেছি ১৫ আগস্টের আগে কী বক্তব্য দিয়েছেন। ১৫ আগস্ট ঘটার পর রাতারাতি ভোল পাল্টে ফেলেছে। এ ভোল পাল্টানো আওয়ামী লীগারদের আমার প্রয়োজন নেই।’ 

May be an image of 1 person, sitting and indoor

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

ইত্তেফাক/ইউবি